বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাচ্ছে উ. কোরিয়ার দূতাবাস

বিশ্বজুড়ে উত্তর কোরিয়ার প্রায় ২৫ শতাংশ দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে স্পেন, হংকং ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কোরিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি পিয়ংইয়ংয়ের কূটনীতিক মিশনগুলো বন্ধ করে দেওয়া থেকে বোঝা যায়, নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি বৈদেশিক আয়ের ক্ষেত্রে হিমশিম খাচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গত সপ্তাহে রাষ্ট্রদূতেরা অ্যাঙ্গোলা ও উগান্ডার নেতাদের বিদায় জানিয়ে এসেছেন। যদিও ১৯৭০-এর দশক থেকেই দুই দেশের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে উত্তর কোরিয়া। তাদের মধ্যে সামরিক সহযোগিতাসহ ভাস্কর্য নির্মাণের মতো খাতে বৈদেশিক অর্থ জোগানের নজির রয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদভিত্তিক ওয়েবসাইট এনকে প্রোএর প্রতিষ্ঠাতা শ্যাড ও’ক্যারোল বলেন, দূতাবাস বন্ধ করার অর্থ দেশটি তার পররাষ্ট্রনীতিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এর ফলে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা, মানবিক সহায়তার পাশাপাশি অবৈধ রাজস্ব আহরণের ওপর প্রভাব পড়বে।