মার্কিন সাইবার অভিযোগ নিয়ে ক্ষুব্ধ উত্তর কোরিয়া

আপডেট : ০৩ মে ২০২৬, ০৩:০৭ পিএম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 'সাইবার হুমকি' অভিযোগকে ভিত্তিহীন অপবাদ বলে প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। রবিবার (৩ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে উত্তর কোরিয়াকে হেয় করার চেষ্টা করছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য প্রকাশ করে। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের এসব অভিযোগ 'অস্তিত্বহীন সাইবার হুমকি'কে সামনে এনে নিজেদের শত্রুতাপূর্ণ নীতির ন্যায্যতা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।  

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র এর আগে দাবি করেন, উত্তর কোরিয়া হ্যাকিং, ক্রিপ্টোকারেন্সি চুরি এবং বিদেশে আইটি কর্মীদের নেটওয়ার্ক ব্যবহার করে অবৈধ অর্থ সংগ্রহের মতো সাইবার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর জবাবে পিয়ংইয়ং বলেছে, তারা নিজেদের স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় সাইবার স্পেসে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। 

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ উত্তর কোরিয়ার আইটি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। তাদের অভিযোগ, এসব চক্র ডিজিটাল সম্পদের মাধ্যমে অবৈধ অর্থ পাচারে সহায়তা করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে, উত্তর কোরিয়ার সাইবার গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য ক্রমাগত হুমকি সৃষ্টি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত