খুলনায় সার বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক আলামিন হোসেন (৩০) দগ্ধ হয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে আড়ংঘাটা থানার হালদারঘাট নামকস্থানে এই ঘটনা ঘটে।
ট্রাক চালক আলামিন জানান, তিনি নগরীর শিরোমনি এলাকা থেকে সার বোঝাই করে ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১৮৭১) নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। ট্রাকটি আড়ংঘাটা বাইপাশের আফিল গেট থেকে জিরো পয়েন্টে আসার সময় একটি মোটরসাইকেল পিছু নেয়। এতে সন্দেহ হওয়ায় তিনি একটা বাজারে ট্রাক থামিয়ে অপেক্ষা করেন।
মোটরসাইকেলটি চলে গেলে তিনি আবার ট্রাক নিয়ে সাতক্ষীরার দিকে রওনা দেয়। কিছু দূর যেতেই মোটর সাইকেল থেকে একটা কাচের বোতলে থাকা পেট্রোল বোমা ট্রাকে ছুঁড়ে দেয়। এতে তিনি দগ্ধ হন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানার ওসি অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপস্থিত লোকজন ট্রাকের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে চালক কিছুটা দগ্ধ হলেও ট্রাকের কোন ক্ষতি হয়নি।