বরগুনার তালতলীর উপকূলের জেলেরা টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে স্বপ্ন নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার রাত ১২টায়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে নিষেধাজ্ঞা চলেছে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞা চলাকালে জাল-নৌকা তৈরি, মেরামতসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ গুছিয়ে নিয়েছেন উপকূলের হাজারো জেলে।
গতকাল বুধবার দুপরে উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেপল্লীতে গিয়ে দেখা গেছে, জেলেদের ইলিশ শিকারের প্রস্তুতি শেষ। জেলেরা জাল ঠিক করেছেন, পানিতে মাছ ধরার ট্রলার নামাচ্ছেন। কেউ কেউ বরফ ভাঙছেন। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার দু-এক দিন আগেই কেউ কেউ ইলিশ শিকারে নেমে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে।