পেঁয়াজের ঝাঁজ আরও এক মাস সহ্য করতে বললেন বাণিজ্যমন্ত্রী

দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও এক মাস একটু কষ্ট করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ নভেম্বর) সকালে রংপুরে অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
 
পেঁয়াজ আমদানি প্রসঙ্গে মন্ত্রী টিপু মুনশি বলেন, 'ভারত পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে। এরপর আমাদের ট্যাক্স আছে। এ কারণে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে ১১০-১১৫ টাকা হয়ে যায়। এছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও একমাস একটু কষ্ট করতে হবে।'

আলু আমদানিতেও মন্ত্রণালয় তৎপর আছে জানিয়ে মন্ত্রী বলেন, 'আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমদানির জন্য আসবেন তাদের সহায়তা করা হবে।'