দিন যত যাচ্ছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধ ও হামলার তীব্রতা ততই বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার গাজা ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে ভয়াবহ বোমা হামলার মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটি। এ হামলায় আল জাজিরার আরেক কর্মীর পরিবারের ১৯ সদস্য প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার রাতে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে মারাত্মক বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ১৯৫ জন নিহত এবং ১২০ জন নিখোঁজ রয়েছে জানিয়েছে গাজার সরকারী মিডিয়া অফিস।
শরণার্থী শিবিরে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে গাজায় আল-জাজিরার ব্যুরো অফিসের সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানের পরিবারের ১৯ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে আল জাজিরা জানায়, ‘আল জাজিরা জঘন্য এবং নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানায়, যার ফলে আমাদের নিবেদিত এসএনজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু আল-কুমসানের পরিবারের ১৯ সদস্য নিহত হয়েছে।‘
এ হামলায় আল-কুমসানের বাবা, দুই বোন, আট ভাগ্নে এবং ভাতিজি, তার ভাই, তার ভাইয়ের স্ত্রী এবং তাদের চার সন্তান, তার ভগ্নিপতি এবং এক চাচা নিহত হয়েছে বলে জানায় আল জাজিরা।
জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা ও হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য বলে জানায় বার্তা সংস্থাটি।
এর আগে গেলো সপ্তাহে ইসরায়েলি হামলায় আল জাজিরা অ্যারাবিকের গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল আল-দাহদুহের স্ত্রী, ছেলে, মেয়ে এবং নাতিসহ পরিবারের ১২ সদস্য নিহত হয়।