ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একই পরিবারের ৪২ জন সদস্য নিহত হয়েছেন। ওই পরিবারের যুক্তরাষ্ট্র প্রবাসী তিন সদস্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
গাজা থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল। কিন্তু গাজায় ইসরায়েলি হামলায় তাদের পরিবারের তিন প্রজন্মকে হারিয়েছেন তারা। গত ১৯ অক্টোবর গাজার শেখ এজলিন এলাকায় ইসরাইলি বিমান হামলায় তাদের পরিবারের ৪২ জন সদস্য নিহত হন।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।
ফিলিস্তিনি আমেরিকান তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল যুক্তরাষ্ট্রের মিনেসোটার ম্যাপেল গ্রোভ শহরের বাসিন্দা। হামুদা বলেন, ‘গত ১৯ অক্টোবরের আমার স্ত্রীর চার ভাই, এক বোন এবং তাদের সন্তানরা যে বাসায় ছিল, সেখানে ইসরায়েলি হামলা হয়। সে সময় দুটো বিস্ফোরণ ঘটে এবং তাদের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ পার হয়ে গেলেও মানাল তার পরিবারের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছেন না। পরিবারের প্রতিটি সদস্যই আমাদের আপন। সে (মানাল) তার পরিবারের সঙ্গে গ্রীষ্মকাল কাটিয়েছে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে আসার আগে মানাল তার পরিবারের সঙ্গে থাকতেন।’
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় থাকেন মানালের চাচাতো ভাই ইয়াদ আবু শাবান। তিনিও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর শুনে একইভাবে স্তম্ভিত।
সিএনএনকে শাবান বলেন, ‘আমার পুরো পৃথিবী থেমে গেছে। আমি পরিবারের শুধু এক, দুই, তিন বা চার জনকে হারাইনি। আমি একবারে আমার পরিবারের ৪২ আপনজনকে হারিয়েছি। এটি মেনে নেয়া সত্যিই অনেক কঠিন।‘
শাবান জানান, তার পরিবারের নিহত সদস্যদের মধ্যে তিন মাসের শিশু থেকে শুরু করে ৭৭ বছরের বয়স্কও রয়েছেন। তারা সবাই একই জায়গায় থাকতেন।
কোনো সতর্কবার্তা ছাড়াই ওই এলাকায় ইসরায়েল বোমা বর্ষণ করেছে বলে অভিযোগ করেন শাবান।