দাফনশেষে ফেরার পথে মাইন বিস্ফোরণে নিহত ২০

নাইজেরিয়ার ইয়োবে রাজ্যে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের স্থলমাইন বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। নিহতরা আগের দিন একই গোষ্ঠীর গুলিতে মারা যাওয়া ১৭ জনের দাফন শেষে ফিরছিলেন। এ নিয়ে দুই দিনে দেশটিতে ৩৭ জন নিহত হলো। খবর বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের।

এর আগে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে রাজ্যের গুরোকাইয়া গ্রামে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করা হয়। জানা গেছে, জঙ্গিদের গবাদি পশু দিতে অস্বীকার করায় তারা এ হামলা চালায়। লাওয়ান আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, জঙ্গিরা মোটরসাইকেল থেকে বিক্ষিপ্তভাবে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজনের অংশগ্রহণে রাজ্যের গিদাম জেলার কায়ায়ায় গুলিতে নিহতদের দাফন সম্পন্ন হয়। এরপর পার্শ্ববর্তী কারাবিরি গ্রামের ২২ জন বাসিন্দাকে বহনকারী একটি গাড়ি ফেরার সময় জঙ্গিদের পেতে রাখা মাইন বিস্ফোরণের শিকার হয়।

সেনাবাহিনীকে সহযোগিতা করা গ্রেমাহ বুকার নামে এক ব্যক্তি বলেন, পেতে রাখা মাইন বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুইজন।