দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুই কারাগারে দাঙ্গায় আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বাসস জানায়, দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষে দেয়া তথ্যানুযায়ী, কোটোপাক্সি কারাগারে চারজন বন্দি নিহত হয়েছেন। একই ঘটনায় পিচিনচা কারাগারেও আরও চারজনের মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
২০২১ সাল থেকে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ৫০০ জনের বেশি বন্দি নিহত হন।
দেশটির কয়েকটি কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও কারাগারের ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রগুলো কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চক্র কারাগারে বসেই হত্যাকাণ্ড ও চাঁদাবাজির নির্দেশ দিয়ে থাকে।
কারা কর্তৃপক্ষ জানায়, দাঙ্গার জন্য দায়ীদের শনাক্ত করা হয়েছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন ‘এল এনকুয়েন্ত্রো’ কারাগারে স্থানান্তর করা হবে।
দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার সবচেয়ে বেশি চাহিদাভুক্ত অপরাধীদের রাখার জন্য এই কারাগারটি নির্মাণ করেছে।