ঢাকার যানজট নিরসনে কারিগরি সহায়তা দেবে লন্ডন

ঢাকার আধুনিক পরিবহন ব্যবস্থা ও স্মার্ট ট্রাফিক সিগন্যাল সিস্টেমের মাধ্যমে যানজট নিরসনে কারিগরি সহায়তা দেবে লন্ডন। জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে লন্ডন শহরের কৌশলগুলো ঢাকায় প্রয়োগে কাজ করবে যুক্তরাজ্যে’র ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। 

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান নগরভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও এফসিডিও’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ডিএনসিসির পক্ষে অনুষ্ঠানে মেয়র মো. আতিকুল ইসলাম ও এফসিডিও’র পক্ষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এর আগে ডিএনসিসি মেয়র ব্রিটিশ হাইকমিশনারকে সঙ্গে নিয়ে নগর ভবনে ৬ষ্ঠ তলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রদর্শিত প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি ঘুরে দেখান। 

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য একটি বিশেষ দিন। ঢাকা উত্তরে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হওয়ায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এই সংস্থার। সবসময় আমি চ্যালেঞ্জ হিসেবে গণ্য করি, সমস্যা হিসেবে দেখি না। বিশ্বের বিভিন্ন দেশের শহরকে আহ্বান জানিয়েছি একসঙ্গে কাজ করার জন্য; পুরো বিশ্ব আজ কানেক্টেড। কোনো একটি দেশ ভালো না থাকলে এর প্রভাব অন্য দেশের পরে। কাউকে পিছনে রেখে এগিয়ে যাওয়া যাবে না। 

তিনি বলেন, 'যুক্তরাজ্য সরকারের সংস্থাটির সঙ্গে ডিএনসিসি যৌথভাবে কাজ করার লক্ষ্যে প্রথমবারের মতো এই উদ্যোগ। এই সমঝোতার আলোকে দীর্ঘমেয়াদে ডিএনসিসির সঙ্গে এফসিডিও কাজ করবে। প্রথম ধাপে পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে সংস্থা দুটি। ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) তাদের শহরে আধুনিক পরিবহন ব্যবস্থা

নিশ্চিত করেছে, যেটি বিশ্বে অত্যন্ত বিখ্যাত। ডিএনসিসি টিএফএল’র জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে ঢাকা শহরে আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে। লন্ডন শহরে বিদ্যমান বাস ফ্রাঞ্চাইজি মডেল ও ট্রাফিক সিগন্যাল সিস্টেমের অভিজ্ঞতার আলোকে কার্যক্রম গ্রহণ করবে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে বাস রুট র‌্যাশনালাইজেশন প্রকল্পের কাজ শুরু করেছি। যুক্তরাজ্য সরকারের সংস্থার সঙ্গে এই পদক্ষেপ ঢাকা শহরের যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যুক্তরাজ্যের এফসিডিও'র সঙ্গে প্রথম ধাপে পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে ডিএনসিসি এবং দ্বিতীয় ধাপে ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অন্যান্য বিষয় নিয়ে কাজ করবে।

যুক্তরাজ্য সরকারের সংস্থাটির সঙ্গে ডিএনসিসির এই চুক্তি স্বাক্ষর মাইলফলক হিসেবে আখ্যায়িত করে মেয়র আতিকুল ইসলাম বলেন, 'বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। আমি বিশ্বাস করি ডিএনসিসির সঙ্গে আজকের এই সমঝোতা চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। স্থানীয় সরকার পর্যায়ে এই ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।'