হাসপাতাল থেকে উধাও হুমায়রা হিমুর বন্ধু! 

গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর হুমায়রা হিমুর বন্ধু উধাও হয়ে গেছেন। তাঁকে এখন খুঁজছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে উর্মিলা জানান, বিকেলে ৪ টা ৪৬ মিনিটে হুমায়রা হিমুকে গুরুতর অবস্থায় রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়ে আসে বাসার লোক মিহির ও তাঁর বন্ধু। তিনি বলেন,  ‘চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন। শরীরে ও গলায় দাগ থাকায় চিকিৎসকেরা এটিকে পুলিশ কেইস হিসেবে চিহ্নিত করে এবং পুলিশকে ডাকে। হিমুর সঙ্গে আসা বন্ধু এ সময় হাসপাতাল থেকে সরে পড়ে।’

উর্মিলা দেশ রূপান্তরকে বলেন,  ‘যেহেতু গলায় দাগ রয়েছে, তাই এটি রহস্যজনক। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এই মুহূর্তে আমরা শিল্পী সংঘের প্রতিনিধিরা উত্তরার হাসপাতালে রয়েছি। হিমুর যাবতীয় কার্য আমরা সম্পাদনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু আমার বন্ধু রাশেদ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। 

ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।