৩ দিনের অবরোধে পোড়ানো হয়েছে ৩১ যানবাহন: ফায়ার সার্ভিস

গত ৩১ অক্টোবর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ৩১টি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, আগুনে পোড়া যানবাহনের মধ্যে ১৮টিই বাস। এ ছাড়া চারটি কভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে। এছাড়া যানবাহনের বাইরে বাণিজ্যিক পণ্যের দুটি বিক্রয়কেন্দ্র এবং একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

তথ্য বিশ্লেষণ করে ফায়ার সার্ভিস বলছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা আগুন দেওয়ার মোট ৩৪টি ঘটনার কথা জেনেছে, যার বেশির ভাগই (১৯টি) ঘটেছে রাতের বেলা।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, ঢাকা বিভাগে মোট ১৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ঢাকা শহরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ১২টি। বাকি ৭টি ঘটনা ঘটেছে গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে।

সীতাকুণ্ড, কর্ণফুলি, রাঙ্গুনিয়া, ফেনী, চাঁদপুর, বায়েজিদ-সহ  চট্টগ্রাম বিভাগে ৮টি অগ্নিসংযোগের ঘটনা জানিয়েছে ফায়ার সার্ভিল। রাজশাহী বিভাগে চারটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ঘটেছে একটি করে। 

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষের পর থেকেই ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সমাবেশের পরদিন বিএনপি-জামায়াতের ডাকা হরতালেও এমন সহিংসতা হয়।

এরপর মঙ্গলবার থেকে বিএনপি-জামায়াতের তিন দিনের যে অবরোধ চলে, সেই সময়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।