'৫৫ ডিগ্রি' তাপমাত্রা নিয়ে কোনও সতর্কবার্তা দেয়নি ফায়ার সার্ভিস

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটির সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এ সময় করণীয় বিষয়ে যে তথাকথিত সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে, সেটি ফায়ার সার্ভিস কর্তৃক জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবহাওয়া নিয়ে ফায়ার সার্ভিসের একটি পোস্টে দাবি করা হয়, ‘উচ্চ সতর্কতা জারি করা হয়েছে… ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।…নিচে দেওয়া হয়েছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নাগরিক ও বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত