ক্রীড়া প্রতিবেদককদিন আগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন নাঈম ইসলাম। এই কীর্তি গড়া প্রথম ব্যাটসম্যান তুষার ইমরানের আরেকটি রেকর্ড ছুঁলেন অভিজ্ঞ এই ব্যাটার। এই ফরম্যাটে ৩২তম সেঞ্চুরি করলেন তিনি গতকাল।
কক্সবাজারে জাতীয় ক্রিকেটে লিগের ম্যাচে সিলেটের অফ স্পিনার শাহানুর রহমানের অফ স্টাম্পের বাইরের বল কাভারের দিকে খেলে দ্রুত এক রান নিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ঢাকা মেট্রোর নাঈম। ২০২১ সালে অবসরে যাওয়া তুষার ৩২ সেঞ্চুরি করেন ১৮২ ম্যাচে। নাঈমের লাগল ১৬৭ ম্যাচ।
৩৬ বছর বয়সী ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত আছেন ১৩৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রানে। সেঞ্চুরির স্বাদ পেয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়ক সাদমান ইসলামও। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৩তম সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ৩০০ বলে ১৫ চারে ১৫৭ রান। নাঈম-সাদমানের ২২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাটিংয়ে আমন্ত্রিত মেট্রোর সংগ্রহ ২ উইকেটে ৩৫৯।
ফের শতকের সুযোগ হাতছাড়া মুমিনুলের : সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফের আক্ষেপ সঙ্গী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। এই হতাশা সঙ্গী হয়েছে পারভেজ হোসেন ইমনেরও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন ৮ উইকেটে ২৯১ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ। মুমিনুল ১১৯ বলে ৭ চারে করেছেন ৮১ রান। ১২৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেছেন পারভেজ। প্রথম রাউন্ডে ৯৪, তৃতীয় রাউন্ডে ৮৮ রানে আউট হয়েছিলেন মুমিনুল।