আইসিসিবিতে চলছে চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী

চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরতে শুরু হয়েছে তিন দিনব্যাপী চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২৩’-এর নবম আসর।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আনুষ্ঠানিক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।

ভারতের কাউন্সিল ফর লেদার এক্সপোর্টার্স, ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ফুটওয়্যার ইন্ডাস্ট্রিসহ ১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।