মির্জা ফখরুলের জামিন শুনানি ২০ নভেম্বর

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে ভাঙচুর ও নাশকতার মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনের আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা আদালতে এ আবেদন করেন তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২০ নভেম্বর ধার্য করেন।

সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। ওই দিন দুপুরে কাকরাইল মোড়ে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করা হয়। প্রধান বিচারপতির বাসভবন ও সংঘর্ষের ঘটনায় রমনা থানায় মামলা হয়। ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতে রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মির্জা ফখরুল এখন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

এদিকে পুলিশের অস্ত্র ছিনতাই ও নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে দুদকের মামলায় হাজির করতে নির্দেশ দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৬। এ মামলায় গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ মির্জা আব্বাসকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, তিনি (মির্জা আব্বাস) অন্য মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। বিচারক মঞ্জুরুল ইমাম তাকে হাজির করতে পরোয়ানা ইস্যুর আদেশ দেয়। দুদকের কৌঁসুলি মাহমুদ জাহাঙ্গীর দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।