বাড্ডায় মায়ের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে মেয়ে

রাজধানীর মধ্য বাড্ডা বেপারীপাড়া এলাকার একটি বাসা থেকে মাকসুদা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর ওই নারীর মেয়ে স্মৃতিকে (২৭) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্য বাড্ডা বেপারী পাড়া ২২/১ নম্বর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পরিবারের সাথে ওই নারী ব্যাপারীপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন। খবর পেয়ে বাসাটি থেকে রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তার মেয়ে স্মৃতিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।