রাজধানীর গত ছয়দিনে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।গত ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজধানীর পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন যাত্রাবাড়ীর শ্রাবণী আক্তার পলি (২৮), রামপুর থানার আব্দুল্লাহ (২৪), ভাটারা থানার পূর্ণিমা আক্তার (২৫) , একই স্থানের মনির গাজী (২৪), কামরাঙ্গীরচরের এনামুল ওরফে সুমন (২৫), ডেমরার শাকিল হোসেন (১৬)। বাকিরা অজ্ঞাত।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল, ভাটারার থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমানসহ বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্তরা মরদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেছেন। বিস্তারিত তথ্যানুযায়ী:
২৬ মে রাত ৯টার দিকে দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ি এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে মামুনুর রশিদ (৩৫) নামে এক চাকরিজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফ জানান, পারিবারিক কলহের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
২৭ মে বিকেলে যাত্রাবাড়ী মাতুয়াইল ঠাকুরবাড়ি এলাকার একটি বাসা থেকে শ্রাবণী আক্তার পলি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন উল্লেখ করেন যে স্বামীর সঙ্গে মনোমালিন্য কারণে গলায় ফাঁস দেন তিনি।
২৮ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির একটি বাসা থেকে আব্দুল্লাহ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আর্থিক সংকট ও বেকারত্বের কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত পাল।
একই দিন দুপুর ২টার দিকে অয়ন্তী নামে দুই বছরে এক শিশু ডেমরা মেন্দিপুর আমান মার্কেট এলাকার নিজ বাড়ির পাশে আবাদি জমির পানিতে পড়ে যায়। পরিবার দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে,২৯ মে সন্ধ্যা ৭ টার দিকে ভাটারা সোলমাইদ ব্যাপারীবাড়ি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় পূর্ণিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ। স্বামীর সঙ্গে সাংসারিক বিরোধ ছিল তার। এর জের ধরে স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে শিশুসন্তানকে নিয়ে পালিয়ে যায় বলে করেন উল্লেখ করেন এসআই মো. ইয়াউর রহমান।
একই দিন দুপুরে মনির গাজী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ভাটারা শোলমাইল দর্জিবাড়ি এলাকার বাসা থেকে। এসআই জাহিদুল ইসলাম জানান, মনির ফুটপাণ্ডার রাইডার হিসেবে চাকরি করতেন।
অপরদিকে, ওই দিন রাত ৯টার দিকে কামরাঙ্গীরচরের পশ্চিম আশ্রাফাবাদ এলাকার একটি বাসা থেকে এনামুল ওরফে সুমন নামে এক রিকশাচালতের মরদেহ ঝুলন্ত অবস্থাী উদ্ধার করা হয়। এসআই ব্রজ কিশোর পাল বিষয়টি নিশ্চিত করেন।
ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে শাকিল হোসেন নামে এক কিশোরের লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। এসআই আহসান হাবিব জানান, শাকিল একটি প্যাকেজিং কারখানায় চাকরি করত। একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। এটি নিয়ে পারিবারিক মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাকিল।
এছাড়া ২৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে ২৭ বছরের অজ্ঞাতনামা এক যুবক লাফিয়ে পড়ে। মার্কেটে নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৮ মে সকাল ৭টার দিকে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ভবঘুরের ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করা হয়। এসআই রাসেল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।