সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, নির্বাচনের পূর্বে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী।
শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সাম্যবাদী দল মিরসরাই উপজেলা কমিটির ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন দিলীপ বড়ুয়া।
তিনি বলেন, সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ এটি তাদের নেই। এই যে বিএনপি এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তাহলে এসব করে লাভ কি।
সম্প্রতি মালদ্বীপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা তুলে ধরে দিলীপ বড়ুয়া বলেন, এইতো সেদিন মালদ্বীপে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও অনুরূপভাবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ এ নেতা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি পূর্নব্যক্ত করে বলেন, চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা আমাদের মোশাররফ ভাই। যিনি মিরসরাই আসন থেকে সাত বার এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি নিজেই নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অতএব তিনি নির্বাচন না করলে সে ক্ষেত্রে আমি নিজেকে জোটের মনোনয়নের যোগ্য দাবিদার বলে মনে করছি।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের সভাপতি রণজিত বড়ুয়া প্রমুখ।