নেপালে ফের ভূমিকম্প, এক মিনিটের বেশি সময় ধরে কাঁপল দিল্লি

নেপালে রিখটার স্কেলে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনের কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে। তবে এর প্রভাবে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের শহরের বহুতল ভবনগুলোতে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (০৩ নভেম্বর) গভীর রাতে এ ভূমিকম্প হয়, যা ভীত করে তোলে দিল্লি-এনসিআরের বাসিন্দাদের। এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে পড়েন। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুধু দিল্লিই নয়; উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার রাজ্যেও এই কম্পন অনুভূত হয়েছে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত এক মাসে নেপালে তিনবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল।