নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রধান পর্যটন এলাকা থামেল থেকে ১৫ বাংলাদেশি এবং ৪ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার অভিযোগে গত শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিবিসি নেপালি সার্ভিসের বরাতে মঙ্গলবার (২ জুন) এ নিয়ে গণমাধ্যমটির বাংলা বিভাগ প্রতিবেদন প্রকাশ করেছে।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তিরা একজন চীনা নাগরিকের চালানো একটি ‘স্ক্যাম সেন্টারে’ কর্মরত ছিলেন। ওই চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন, তাকে খুঁজছে পুলিশ।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগই আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। তারা জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, কম্বোডিয়ায় পরিচয় হওয়া চীনা অপারেটররা তাদের নেপালে নিয়ে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে এ চক্রটি ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত। চক্রটি স্থানীয় নেপালিদের নয়, বরং প্রধানত বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকেরা ছিলেন তাদের টার্গেট।