বগুড়ার রাজাবাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে কোল্ড স্টোর মালিকদের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন ছয় হাজার কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে বিক্রি শুরু করে কোল্ড স্টোর মালিকরা।
এদিকে বগুড়ার বাজারে ব্যবসায়ীরা তিন টন ভারতীয় আলু এনেছেন। যা গতকাল শুক্রবার সকাল থেকে পাইকারি বাজারে ৩৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, খুচরা বাজারে ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হবে বলে জানা গেছে। ভারতীয় আলু আমদানি ও সরকারি মূল্যে আলু বিক্রি হওয়ায় এর প্রভাব পড়েছে কোল্ড স্টোর ও পাইকারি বাজারেও। প্রতি কেজি আলুর দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।
ক্রেতা কবির আহমেদ, শাফিউল ইসলাম, মাসুদ পারভেজ বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি হচ্ছে। এ ছাড়া ভারতীয় আলু আসছে, এতে আলুর দাম কমেছে, যা আমাদের জন্য স্বস্তির খবর।’
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করে অবৈধভাবে মজুদ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’