শাহজালালে ইয়াবাসহ রোহিঙ্গা পরিবার ধরা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা বহনের অভিযোগে ছয় সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নভো এয়ারের কক্সবাজার ফ্লাইটে ঢাকায় অবতরণ করে পরিবারটি। সন্দেহ হলে তাদের আটক করে এপিবিএন অফিসে   নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা বহন বা কোনো ধরনের অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেন। যাচাই করতে পরিবারের চার সদস্যকে উত্তরার একটি প্যাথলজি সেন্টারে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় ১৫ বছরের এক শিশু মো. রুবেল তার ফুপু আছিয়া বেগম (২৫) এবং তার চাচি জোহুরা বেগমের (৩০) পাকস্থলীতে অস্বাভাবিক বস্তুর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এরপর আরও জোরদার জিজ্ঞাসাবাদের মুখে তারা পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।