অবরোধ হবে শান্তিপূর্ণ উসকানিতে পা দেবেন না : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা চলছে। আওয়ামী লীগ দলীয়করণ করা নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। আমরা সারা দেশ থেকে খবর পাচ্ছি, বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে সরকার প্রশাসনকে নিয়ে অভিনব মিশনে নেমেছে। গতকাল শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এবং রবিবার ভোর থেকে ৪৮ ঘণ্টার যে অবরোধ রয়েছে, এ অবরোধ শান্তিপূর্ণ অবরোধ।

শান্তিপূর্ণভাবেই এ কর্মসূচি পালিত হবে। সরকারের কোনো উসকানিতে আমাদের দলের নেতাকর্মী বা গণতান্ত্রিক যেসব রাজনৈতিক দল ও সমমনা দল অংশগ্রহণ করছেন, প্রত্যেকেই কোনো উসকানির মুখে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে যাবেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৯২ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এবং মিথ্যা বানোয়াট মামলায় ১ হাজার ৪৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’ চলমান আন্দোলনকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন হচ্ছে জনগণ যাতে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে এ অধিকারটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন।