বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেট কার সংঘর্ষে আহত ৪

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

শুক্রবার (০৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে। বর্তমানে টানেলের ভেতর যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, টানেলের ভেতর একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর একপাশ দিয়ে যানচলাচল হয়েছে। উদ্ধারপ্রক্রিয়া শেষে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে এটি যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।