মিরপুরে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে ৮১ রানের বেশি করতে পারেননি ফারজানা হক পিংকিরা। হারের পর তাই ব্যাটারদেরই দায় দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন নিগার। সেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে কোনো ভুল দেখছেন না বলে জানিয়েছেন। ব্যাটাররা রান না পাওয়াতেই কাল হয়েছে বলে মনে করেন। তার মতে, এই উইকেটে ১৫০ রান পর্যন্ত করা যেতে পারত।
এক প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘দেখেন, যখন আমরা ব্যাটিংয়ে যাই; তখন আমার কাছে মনে হয়েছে এই উইকেট ২০০-২৫০ রানের উইকেট না। যদি আমরা ১৫০ রানের মতো করতে পারতাম অন্তত, তাহলে মনে হয় ওদের জন্য কঠিন হতো। বোলাররা খুব ভালো লড়াই করেছে, কারণ ৮০ রানে পাঁচটা উইকেট নেওয়া, ২৪ ওভার খেলানো; আমি বলবো যে অনেক ভালো ব্যাটিং করেছে তারা।’
বোলিংয়ে বাংলাদেশ অনেক শক্তিশালি রূপ ধারণ করেছে। ব্যাটিং নিয়েও কাজ করছেন তারা। কিন্তু এখনও ফল মিলছে না। এই বিষয়ে জানতে চাইলে, জ্যোতি বলেন, ‘ওভার নাইট তো এটা হওয়া সম্ভব না। যখন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কাজ করা হয় লং টার্মের বিষয় থাকে। আমরা যখন শুরু করেছিলাম ক্যারিয়ার, স্কিল একরকম ছিল; আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে মানিয়ে নিতে ভিন্নভাবে স্কিল সাজাচ্ছি। দেখা যায় একটা বোলারের খুব দ্রুত কামব্যাক করা যায়, হয়তো ডিফারেন্ট কিছুর চেষ্টা করলে, স্কিলের দিক থেকে উন্নতি করতে চাইলে দ্রুত করতে পারে। কারণ তার কাছে ছয়টা বল থাকে, চেষ্টা করতে পারে, কামব্যাক করতে পারে। ব্যাটারদের জন্য সময় লাগার বিষয় থাকে। কারণ আমাদের সুযোগ একটাই থাকে। কাজ করতেছি, হয়তো এখনও দেখা যাচ্ছে না। আরেকটু সময় দিলে হয়তো আমরা দেখাতে পারবো।’
ব্যাটারদের ধারাবাহিকতা ছিল না জানিয়ে জ্যোতি বলেন, ‘আপনি যদি গত সিরিজের কথা চিন্তা করেন, ওডিআইতে কিন্তু আমরা ২২৫ রান করেছি। ভালো ব্যাটিংও করেছি। পিংকি আপু সেঞ্চুরি করেছে, ফিফটি-থার্টি প্লাস রান করে সবাই অবদান রেখেছে। বিশেষ করে আজকে যেটা হয়েছে, ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতাটা দেখিনি। আমিও অনেক্ষণ ছিলাম, আমারও উচিত ছিল ৫টা ওভার খেলা, আরেকটু সেন্সেবল খেলা।’