বিশ্বকাপের পর অবসর সিদ্ধান্তে অনড় ডি কক

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন। ভারতে চলমান বিশ্বকাপে প্রোটিয়া এই ব্যাটসম্যান আছেন দারুণ ফর্মে। ৭ ইনিংসে করেছেন ৫৪৫ রান। সেঞ্চুরি চারটি।

এমন পারফরম্যান্সের পরও ডি কক অনড় আছেন অবসরের সিদ্ধান্তে। বলেন, 'আমি আমার সিদ্ধান্তে অনড়। এই বিশ্বকাপেই শেষ হবে আমার ৫০ ওভারের ক্যারিয়ার। এটি নিয়ে এক-দুই কথা হচ্ছে তবে অন্য কিছু ঘটবে না।'

তরুণদের সুযোগ করে দিতে চান ডি কক। 'তরুণ অনেকে আছেন যারা আমার জায়গাটি নেবে যত দ্রুত আমি ছাড়ব। তাদেরও জাতীয় দলের দায়িত্ব বুঝে নিতে হবে। আমার মনে হয় না ফিরব। তবে কোন কিছুই তো আর নিশ্চিত বলা যায় না।'

ডি কক বিশ্বকাপে ব্যক্তিগত মাইফলক নিয়ে ভাবছেন না। দলের জয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, 'সব রান করলাম কিন্তু বিশ্বকাপ জিততে না পারার চেয়ে, বিশ্বকাপ জিতে কোন রান না করা পছন্দ করব।'

দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে ৭ ম্যাচের ছয়টিতে জিতেছে। আর একটি জিতলে নিশ্চিতভাবেই তারা সেমিফাইনালে উঠবে। না জিতলেও ১২ পয়েন্টে উঠে যেতে পারে।