ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ লঙ্কান ক্রিকেট সচিবের

এশিয়া কাপের ফাইনালিস্ট। অথচ ভারতের কাছে ৫০ রানে অলআউট। সেই ঘটনার ৪৫ দিনের মাথায় ফের রোহিত শর্মাদের কাছে ৫৫ রানে গুটিয়ে যাওয়া।

বিশ্বকাপের মতো ম্যাচে ৩০২ রানের পরাজয়ে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। আর সেই ব্যর্থতার দায় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন।

ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে এসএলসি প্রশাসনকে তলব করেন। ব্যর্থতার কারণ দর্শাতে জানান তিনি। তারপরই পদত্যাগ করেছেন ডি সিলভা।

রানাসিংহে এক বিবৃতিতে এই ব্যর্থতার জন্য নির্বাচক কমিটি এবং এসএলসি প্রশাসনকে দায়ী করেছেন।

তৃতীয় মেয়াদে সিলভা সচিব নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালে।