বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সকল রাজবন্দি এবং পরোয়ানা ছাড়া গ্রেপ্তারকৃত চিকিৎসকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ১০০১ জন চিকিৎসক। আজ শনিবার ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, সারা দেশের জনসাধারণ যখন গণতন্ত্র পূনরুদ্ধারে জীবন বাজি রেখে রাজপথে নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত- ঠিক তখনই জনগণের ন্যায্য অধিকারকে ভূলণ্ঠিত করার জন্য এবং গণতন্ত্রকে চিরতরে বিদায়ের জন্য সরকার গণতন্ত্রমনা বিরোধীদলীয় নেতাকর্মীদের একের পর এক গ্রেপ্তার করে যাচ্ছে। গ্রেপ্তার থেকে রেহাই পাচ্ছে না চিকিৎসকরাও।
বিবৃতিতে ড্যাবের নেতৃবৃন্দ বলেন, অতি দ্রুত গ্রেপ্তার বন্ধ করতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। দ্রুত আটক রাজবন্দিদের মুক্তি দিতে হবে এবং একইসাথে পেশাজীবীদের বেআইনি হয়রানি বন্ধ করতে হবে।
রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে অবিলম্বে মির্জা ফখরুল ইসলামসহ সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগোম করবে বলে মনে করেন ড্যাব সভাপতি ও মহাসচিব।