ভারতের মাটিতে বিশ্বকাপ শুরুর পর ইডেন গার্ডেনসে খেলা গড়াতে গড়াতে লেগে গেল তিন সপ্তাহের বেশি। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধন, ২৮ ও ৩১ তারিখ হয়ে গেছে দুটো ম্যাচ। তবুও ইডেন ভরেনি, মন ভরায়নি। দুটো ম্যাচেই যে ছিল না ভারত। আজ ইডেনে পা পড়বে অশ্বমেধের ঘোড়া হয়ে ওঠা রোহিত শর্মার ভারতের। তাদের সামনে এই বিশ্বকাপে সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটিং শক্তির দক্ষিণ আফ্রিকা। অনেকের চোখে এই ম্যাচটাই ফাইনালের ‘ড্রেস রিহার্সাল’, দুই সপ্তাহ পর সেমিফাইনালে এখানে আজকের দুই দলের এক দলকে আসতেই হবে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আর ভারতের অধিনায়ক রোহিত শর্মা পুরোই বিপরীত অবস্থানে। দল যেখানে নিয়মিত তিনশোর ওপর রান তুলছে, সেখানে বাভুমার ৫ ইনিংসে সর্বোচ্চটা ৩৫ রানের। মোট রান ১১১। উল্টোদিকে রোহিতের ৭ ইনিংসে রান ৪০২। বাভুমাকে তাই ঘুরিয়ে-ফিরিয়ে কাল যে প্রশ্নটা করা হলো তার সারমর্ম এই যে দলটার অধিনায়ক কেন আপনি? বাভুমা একবার বলেছেন, ‘আমি সব সময়ই অবদান রাখতে চাই। অন্য সব ব্যাটসম্যান দারুণ ছন্দে আছে। আমি স্বস্তি পাই এই ভেবে যে কুইন্টন (ডি কক) আর আমি শুরুতে বেশ কিছু জুটি গড়ে তুলেছি। আমি তো আমার অবদানটা বাড়াতেই চাই, কিন্তু এমন একটা অবস্থায় আছি যে সেটা হচ্ছে না।’ তবে তাতে করে দক্ষিণ আফ্রিকার খুব একটা সমস্যা হচ্ছে না। কারণ কুইন্টন ডি কক আছেন ফর্মের তুঙ্গে। বিশ্বকাপের পর ওয়ানডে আর খেলবেন না, যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাচ্ছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৭ ইনিংসে ৫৪৫ রান, ৪টা সেঞ্চুরি। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ৮টা সেঞ্চুরি করেছেন এই বিশ^কাপে, মাঝপথেই ভেঙে দিয়েছেন এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। বাভুমা মনে করেন, বেশ কয়েক বছর ধরে একসঙ্গে খেলছেন বলেই এই সাফল্য ব্যাটসম্যানদের, ‘আমার মনে এই ব্যাটসম্যানরা তিন-চার বছর ধরে একসঙ্গেই খেলছে এবং একত্রে অনেক উত্থান-পতন দেখেছে। আমার মনে হয় তারা মানসিকভাবে সংযুক্ত এবং জানে কী করতে হবে শেষ বাধা পার করতে হলে।’
অন্যদিকে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার আর ফেরা হচ্ছে না বিশ্বকাপ দলে। তার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে নেওয়া হয়েছে বদলি হিসেবে। যদিও হার্দিক বাদ পড়ায় একাদশে আসা মোহাম্মদ শামি বিশ্বকাপের অন্যতম সেরা বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন। মাত্র ৩ ম্যাচে শামির শিকার ১৪ উইকেট। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছেন, তার আগে নিউজিল্যান্ডকে। ৩ ম্যাচের দুটোতে ম্যাচসেরা। হার্দিকের চোটটা যে শাপেবর হয়েই দেখা দিয়েছে! সহ-অধিনায়ক হার্দিকের বদলে করা হয়েছে লোকেশ রাহুলকে। সংবাদ সম্মেলনে এসে সেটাই বলেছেন কোচ রাহুল দ্রাবিড়। ইডেনেই আহমেদাবাদের ফাইনালের ড্রেস রিহার্সাল হয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নে দ্রাবিড়ের উত্তর, ‘বাইরে কী কথা হচ্ছে, সেসব নিয়ে ভাবছি না। আমাদের দৃষ্টি এই ম্যাচে। আমাদের সামনে এটা লিগ পর্বের একটা ম্যাচ, এরপরও ম্যাচ বাকি থাকবে আহমেদাবাদ পৌঁছাতে। আমাদেরও দক্ষিণ আফ্রিকারও। আমরা লিগ পর্যায়ে অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে এমন একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি আর ভালো করার ব্যাপারে আশাবাদী।’
রবিবার দুপুরে হালকা বৃষ্টির আভাস আছে। নন্দনকাননে সম্ভাব্য দক্ষযজ্ঞে প্রকৃতি যেন জল ঢেলে না দেয়, এটাই প্রত্যাশা বাজারদরের ১০ গুণ দামে টিকিট কেনা ক্রিকেটপ্রেমীদের।