৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা কোহিনুর কেমিক্যালসের

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এ লভ্যাংশের ৪০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস। গতকাল শনিবার ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণার এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোহিনুর কেমিক্যালস ২০২১-২২ হিসাববছরে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ২০ শতাংশ ছিল নগদ। 

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২২-২৩ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩১ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ১০ টাকা ৩৪ পয়সা। এ ছাড়া ২০২৩ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সা।

আগামী ১০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।