মানুষ ভাবছে এক, মেট্রোরেল ভাবছে আর এক!

আজ রবিবার (০৫ নভেম্বর, ২০২৩) থেকে উত্তরা-মতিঝিল যাওয়া শুরু করল মেট্রোরেল। গতকাল প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় অংশটি (আগারগাঁও থেকে মতিঝিল) উদ্বোধনের পর আজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলার কথা মেট্রোর। তবে শুরুর দিনেই ঘটল বিপত্তি। সকল ১১টা ১০ মিনিটে মেট্রোতে চেপে উত্তরা থেকে অনেক যাত্রীর যাওয়া হলো না মতিঝিল।

ঢাকার উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও হয়ে মতিঝিল যেতে সময় লাগছে ৩০ থেকে ৩২ মিনিট। আবার মতিঝিল থেকে ফার্মগেট যাওয়া যাচ্ছে ১০ মিনিটে আর মিরপুর ১০ যাওয়া যাচ্ছে ২০ মিনিটে। কিন্তু শেষ ট্রেনটি কখন মতিঝিল থেকে উত্তরা বা উত্তরা থেকে মতিঝিল যাবে সে ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় ঘটল বিপত্তি। সবাই মনে করেছে—মতিঝিল থেকে শেষ মেট্রোটি ছেড়ে যাবে বেলা সাড়ে ১১টার সময় (যেহেতু সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলার কথা) আর উত্তরা থেকেও মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেনটি ছেড়ে আসবে বেলা সাড়ে ১১টায়।

অথচ এমনটা ঘটেনি। কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই বেলা ১১টা ১০-এ উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী যাত্রীদের বলা হলো ট্রেনটি যাবে আগারগাঁও পর্যন্ত। এ ঘটনায় ভীষণ উষ্মা প্রকাশ করেন মতিঝিল যেতে চাওয়া যাত্রীরা। এদিকে, আর মতিঝিল থেকে শেষ মেট্রোটি ছেড়ে আসে বেলা ১১টায়।

এ বিষয়টি কেন আগে স্পষ্ট করা হলো না এবং এ ব্যাপারে কেন স্টেশন থেকে আগে জানানো হলো না সে বিষয়ে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে কর্তব্যরত কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। 'এ ব্যাপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে' বলে বিষয়টি তারা এড়িয়ে যান।

সংক্ষুব্ধ অনেক যাত্রী এটাকে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও যাত্রী হয়রানির নতুন নজির বলে উল্লেখ করেন। তারা বিষয়টি স্পষ্ট করতেও কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এটা ভুলবোঝাবুঝি নাকি খামখেয়ালিপনা তা জানতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি।