ঈদের দ্বিতীয় দিনে মেট্রোরেলে উপচে পড়া ভিড়

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর প্রধান বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় বেড়েছে। এর রেশ পড়েছে মেট্রোরেলে। গতকাল বন্ধের পর আজ রবিবার চালু হলে মেট্রোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

আজ রবিবার (২২ মার্চ) সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

এদিন বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথের কাছে চলে গেছে। বেশিরভাগ যাত্রী বিভিন্ন পর্যটন স্পটের দিকে যাচ্ছিলেন। যাত্রীদের টিকিট দিতে দিতে দম ফেলার সুযোগ পাচ্ছেন না টিকিট অফিসাররা।

শাহবাগ স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আলমগীর হোসেন বলেন, পরিবার নিয়ে উত্তরা যাব। ভেবেছি ঈদের ছুটিতে একটু রিলাক্সে যাব। কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখি মারাত্মক ভিড়। দুটি ট্রেন মিস করেছি। তাও উঠতে পারিনি।

রাজধানীর মতিঝিল স্টেশনে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে আকবর আলী বলেন, ২৫ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তাও টিকিট কাটতে পারিনি। আজ এত ভিড় হবে ভাবিনি। তবে টিকিট কাটতে পারলে বেশ আরামেই মিরপুর চলে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত