বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাকিস্তানকে জয় এনে দেন ফখর জামান। ম্যাচ সেরার পুরস্কার জেতা এই বাঁহাতি ওপেনারকে পুরস্কৃত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। গতকাল কিউইদের সঙ্গে ম্যাচ শেষে সেই ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।
নিউজিল্যান্ডের ৪০১ রান তাড়ায় ৮১ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ফখর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডিএলএস পদ্ধতিতে ২১ রানে জিতে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।
এই জয়ের পর ফখরকে ফোন করে তার দুর্দান্ত ইনিংসের প্রশংসা করেন আশরাফ। সঙ্গে এ–ও জানিয়ে দিয়েছেন, পিসিবি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪ লাখ টাকা) অর্থপুরস্কার দেওয়া হবে।
পিসিবি নিজেদের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করেছে। এর মানে, নিউজিল্যান্ডের বিপক্ষে করা প্রতিটি রানের জন্য ফখর পাচ্ছেন ৭৯৩৬ পাকিস্তানি রুপি।
আগামী ১১ নভেম্ব কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।