প্রায় এক বছর পর উৎপাদনে সিইউএফএল

প্রায় এক বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন শুরু হয়েছে। আজ রবিবার (৫ নভেম্বর) ভোর পৌনে ৪টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন চলছে। 

যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে গত বছরের ২২ নভেম্বর থেকে বন্ধ ছিল কারখানাটির উৎপাদন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন এ কারখানা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত। 

সিইউএফএল সূত্র জানায়, গত বছরের ২২ নভেম্বর কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের রিফরমার পাইপলাইন ফেটে আগুন ধরে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত কাজ শেষে চলতি বছরের ২২ মার্চ বিকেলে আবার উৎপাদন শুরু হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। এরপর ৩০ কোটি টাকা ব্যয়ে কারখানার ‘কনভার্টার ক্যাটলিস্ট’ পরিবর্তন করা হয়। তবে যান্ত্রিক ত্রুটি ঠিক হলেও গ্যাস সংকট থাকায় কারখানা চালু করা যায়নি। 

সর্বশেষ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে গ্যাস পাওয়া গেলেও চাপ কম ছিল। ফলে উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি। কারখানা চালুর জন্য গ্যাসের চাপ থাকতে হয় ৪০-৪২ এমএমসিএফ। রবিবার ভোর থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, ‘কারখানায় এখন পুরোদমে উৎপাদন চলছে। এ কারখানার উৎপাদন ক্ষমতা প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২ শ’ মেট্রিক টন। ইউরিয়া সারের বাইরে এই কারখানায় অ্যামোনিয়াও উৎপাদিত হয়।