উত্তরাঞ্চলের চা শিল্পের বিকাশ ও উৎপাদিত চায়ের গুণগত মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, চায়ের মানোন্নয়নে প্রথমেই নিজেদের ভুল ও সীমাবদ্ধতা শনাক্ত করতে হবে। পাশাপাশি চায়ের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ধরে রেখে প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের প্রতিটি পর্যায়ে মান নিশ্চিত করা জরুরি।
পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে রবিবার (১১ অক্টোবর) গুণগত মানসম্পন্ন চা উৎপাদনবিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উৎপাদিত চায়ের মান সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি ঘাটতির বিষয়ে উপলব্ধি করতে হবে জানিয়ে চা বোর্ড চেয়ারম্যান বলেন, নিজের দুর্বলতা চিহ্নিত করার সক্ষমতাই মানোন্নয়নের প্রথম শর্ত। চায়ের গুণগত মান ধরে রাখতে উৎপাদনের ইতিবাচক দিকগুলো সংরক্ষণের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের কোন পর্যায়ে ত্রুটি হচ্ছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রশিক্ষণ ও আস্বাদনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মোয়াজ্জম হোসাইন, শ্রীমঙ্গলভিত্তিক প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড.এ কে এম রফিকুল হক, পরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ বটলিফ চা কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, স্মল টি ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহজাহান খান ও চা চাষী সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান নুতনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।