পীরগঞ্জে বিএনপি-জামায়াতের ককটেল বিস্ফোরণ, আহত দুই পুলিশ

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিন রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলটির কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করে।

তিনি বলেন, পুলিশ তাদের সরাতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ কন্সটেবল আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।