সাক্ষাৎকারে ওবামা

গাজা যুদ্ধে কারও হাতই পরিষ্কার নয়

গাজা যুদ্ধে কারও হাতই পরিষ্কার নয়। হামাস ও ইসরায়েলের সংঘাত নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শনিবার একটি সাক্ষাৎকারে ডেমোক্রেটিক পার্টির ওবামা সতর্ক করেন, চলতি যুদ্ধের উদ্ভূত জটিলতাগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে।

বারাক ওবামা বলেন, ‘আপনি এই সমস্যার সমাধান করতে চাইলে সব সত্যকে আমলে নিতে হবে এবং তারপর আপনাকে স্বীকার করতে হবে যে কারও হাতই পরিষ্কার নয়। আমরা সবাইকে কমবেশি এর দায় নিতে হবে।’

ওবামা আরও বলেন, স্বীকার করে নিতে হবে, আপাতদৃষ্টিতে এমন বেশ কিছু সত্য রয়েছে যা পরস্পরবিরোধী। হামাস যা করেছে তা ভয়ংকর, কিন্তু দখলদারি এবং ফিলিস্তিনের সঙ্গে যা হচ্ছে তা ‘অগ্রহণযোগ্য’।

ওবামার ভাষ্য, দশকের পর দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য শান্তি অর্জনের ব্যর্থতার প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে।