অবরুদ্ধ গাজায় এবার চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিল মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। দেশটির বিমানবাহিনীর সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) সোমবার (৬ নভেম্বর) এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জর্ডানের রাজা। খবর আল জাজিরা।
তিনি বলেন, ‘সোমবার মধ্যরাতে প্যারাসুটের মাধ্যমে জরুরি চিকিৎসা সরঞ্জাম গাজায় অবস্থিত জর্ডানের ফিল্ড হাসপাতালে পৌঁছে দিয়েছে আমাদের নির্ভীক বিমানবাহিনীর সেনারা। গাজা যুদ্ধে আহত আমাদের ভাই ও বোনদের প্রতি এটি আমাদের দায়িত্ব। আমরা সবসময় আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকব।‘
ইসরায়েলের কড়াকড়ির মধ্যেই প্যারাসুটের মাধ্যমে গাজায় চিকিৎসা সরঞ্জাম পাঠাল জর্ডান। এর আগে ইসরায়েল জানিয়েছিল, তাদের অনুমতি ছাড়া গাজায় কোনো ধরনের সহায়তা ঢুকতে দেওয়া হবে না।
এছাড়া গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর মিসরের রাফাহ ক্রসিং দিয়ে খুবই অল্প পরিমাণে জরুরি ত্রাণ গাজায় পাঠানো হচ্ছিল। তাও সেগুলোর ওপর কড়া নজর রাখছিল ইসরায়েল।
মিসরের রাফাহ ক্রসিং দিয়ে প্রায় প্রতিদিনই ত্রাণ আসলেও, গাজার বাসিন্দারা জানিয়েছেন এসব ত্রাণ তাদের প্রয়োজনীয়তার তুলনায় খুবই অপ্রতুল।