গাজার ৯৯ শতাংশ এলাকায় দূষণ, বিপন্ন জনজীবন: অক্সফাম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক অভিযানে গাজা এখন কার্যত ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে। পানি, মাটি, বাতাস ও খাদ্যে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর দূষণ, যা উপত্যকাটির ২৩ লাখ মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরা। 

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্রের ব্যবহারে গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় পরিবেশদূষণের সম্ভাব্য উৎস তৈরি হয়েছে। বোমা হামলা, অগ্নিকাণ্ড, ভবনের ধ্বংসাবশেষ ও অপরিশোধিত পয়োবর্জ্য থেকে ছড়ানো দূষিত পদার্থ বাতাস, পানি, খাদ্য ও মাটির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে।

অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজার পরিবেশের ওপর সামরিক হামলা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলেছে। দূষণের প্রকৃত মাত্রা ও ঝুঁকি নিরূপণে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

স্যাটেলাইট চিত্র, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও অন্যান্য উন্মুক্ত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত গাজার প্রায় ৭৮ শতাংশ এলাকায় ইসরায়েলি স্থল অভিযান সরাসরি প্রভাব ফেলেছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে সংঘাতের কারণে গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ জমেছে। অর্থাৎ বর্তমানে সেখানে বসবাসকারী প্রত্যেক মানুষের বিপরীতে প্রায় ২৯ টন ধ্বংসস্তূপ রয়েছে।

এসব ধ্বংসাবশেষ সরাতে প্রায় ২১ লাখ ট্রাকের প্রয়োজন হবে বলে ধারণা করছে অক্সফাম। গাজার প্রায় সব এলাকাতেই অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করা হয়েছে। বিশেষ করে গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও জাবালিয়ায় দূষণের ঝুঁকি বেশি।

পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা বিপর্যস্ত

যুদ্ধের আগে গাজায় দৈনিক পানির সরবরাহ ছিল ৩ লাখ ৩৪ হাজার ঘনমিটারের বেশি। ২০২৪ সালের জুনে তা কমে ৫৪ হাজার ৭৪৭ ঘনমিটারে নেমে আসে। জরুরি মেরামতের পর ২০২৬ সালের এপ্রিল নাগাদ সরবরাহ বেড়ে ১ লাখ ৩০ হাজার ৩১৫ ঘনমিটার হলেও তা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৬১ শতাংশ কম।

গাজার ৬১টি জলাধারের মধ্যে মাত্র ৯টি সচল রয়েছে। অন্যদিকে, উপকূলীয় ভূগর্ভস্থ পানির ৯৭ শতাংশই যুদ্ধের আগ থেকে রাসায়নিকভাবে দূষিত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের জুলাইয়ে পরীক্ষা করা ৭৯টি ভূগর্ভস্থ পানির কূপের মধ্যে ১৫টিতে মলজাতীয় ব্যাকটেরিয়া পাওয়া যায়। এ ছাড়া গাজার ছয়টি পয়োবর্জ্য শোধনাগারই ধ্বংস হয়েছে। প্রতিদিন প্রায় ৪০ হাজার ঘনমিটার অপরিশোধিত পয়োবর্জ্য ভূমধ্যসাগরে পড়ছে।

২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মাত্র ১৯ শতাংশ পাম্পিং স্টেশন ও প্রায় ৩০ শতাংশ পয়োনিষ্কাশন নেটওয়ার্ক আংশিক সচল ছিল। বর্জ্য সংগ্রহের যানবাহন ২৬১টি থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৪৮টিতে।

কৃষি ও খাদ্যনিরাপত্তায় বড় ধাক্কা

যুদ্ধের আগে গাজার তাজা সবজির চাহিদার প্রায় ৯৫ শতাংশ স্থানীয় কৃষি থেকে পূরণ হতো। কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। ব্যবহারযোগ্য ও অক্ষত ছিল মাত্র ৩ শতাংশ জমি।

এ ছাড়া ১০ লাখের বেশি জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে এবং ৭ হাজার ২০০টির বেশি গ্রিনহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজ সংরক্ষণ ও বিতরণের স্থাপনাগুলোও ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুলাইয়ে গাজার প্রায় ১২ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৫৯ শতাংশ, তীব্র খাদ্যসংকটে ছিলেন। একই সময়ে গাজার প্রায় ৯৫ শতাংশ গবাদিপশু হারিয়ে গেছে। মাছ ধরার পরিমাণও যুদ্ধের আগের তুলনায় ব্যাপকভাবে কমেছে। উৎপাদন পুনরায় শুরু হলেও দূষিত মাটি ও পানির মাধ্যমে ক্ষতিকর পদার্থ খাদ্যশৃঙ্খলে প্রবেশের আশঙ্কা রয়েছে।

অর্থনীতি ও জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি সংকট

যুদ্ধের প্রভাবে ২০২৪ সালে গাজার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮৩ শতাংশ কমে ৩৬ কোটি ২০ লাখ ডলারে দাঁড়ায়। জরিপ করা বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের ৯২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ৭২ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়েছে।

বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজার অবকাঠামোগত ক্ষতি ৩৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং অর্থনৈতিক ক্ষতি ২২ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগামী ১০ বছরে পুনর্গঠনে প্রয়োজন হবে ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

দূষণের প্রভাব পড়েছে জনস্বাস্থ্যেও। ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গাজায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণের ১৯ লাখের বেশি ঘটনা এবং প্রায় ৮১ হাজার পানিবাহিত ডায়রিয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৬ হাজারের বেশি শিশু পাঁচ বছরের কম বয়সী।

২০২৪ সালে পয়োবর্জ্যের পানিতে পোলিও ভাইরাস শনাক্ত হওয়ার পর এক শিশুর শরীরে পক্ষাঘাত সৃষ্টিকারী পোলিও ধরা পড়ে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের পানিতে একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতিও পাওয়া গেছে।

আন্তর্জাতিক তদন্ত ও ক্ষতিপূরণের দাবি

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পানি, খাদ্য ও পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংসের ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি এবং গণহত্যা সনদের আওতায় অভিযোগ মূল্যায়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। তবে গণহত্যার অভিযোগ প্রমাণে কোনো সুরক্ষিত জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় প্রমাণ করা জরুরি।

প্রতিবেদনে সম্ভাব্য আইন লঙ্ঘন প্রমাণিত হলে ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পরিবেশ পুনরুদ্ধারে পাঁচ ধাপের পরিকল্পনা প্রস্তাব করেছে সংস্থাটি। এতে দূষণের সংস্পর্শ কমানো, স্বাধীনভাবে দূষণ পরীক্ষা, ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি মেরামত, বিপজ্জনক বর্জ্য অপসারণ এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত নজরদারির মাধ্যমে পুনর্গঠনের কথা বলা হয়েছে।

অক্সফামের মতে, গাজার পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় দ্রুত স্বাধীন তদন্ত, দূষণের উৎস শনাক্ত এবং মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত