বগুড়ায় পানির ট্রাকে আগুন দিল অবরোধকারীরা

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের ২য় দিনে সোমবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়ায় একটি পানিবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার মহাসড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। পরে পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা সাড়ে ১২টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক হাফিজুর রহমান গাজী জানান, সিপিসিএল কোম্পানির গাড়িটি হাইওয়ে রাস্তায় পানি দেওয়ার কাজ করছিল। গাড়িতে ৩-৪ ছিল। তখন প্রায় ২০ জন যুবক এসে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে দেয়। তা বিকট শব্দে ফেটে যায় এবং গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এরফলে গাড়ির সামনের অংশ পুড়ে যায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, অবরোধের সমর্থনে থাকা পিকেটার দল একটি পানিবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।