বিশ্বকাপের সেমিফাইনাল খেলার দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। ৭ ম্যাচে তাদের জয় কেবল একটি। আর ৭ ম্যাচে দুই জয় নিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে দলটির বিপক্ষে আজ জেতার বিকল্প নেই সাকিব-লিটনদের।
দিল্লিতে আজ দুই দলের মুখোমুখি লড়াইয়ে কয়েন ভাগ্য পাশে পেয়েছেন সাকিব আল হাসান। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
দিল্লির কন্ডিশন
দিল্লির আকাশ গত দুইদিনের তুলনায় পরিস্কার। গুমোট ভাবটা কম। তবে বাতাসে ক্ষতিকারক বস্তুর পরিমাণ কমেনি। একিউআই সূচক এখনো বিপদজনক জায়গায় আছে।
টসে জিতে সাকিবের ফিল্ডিং করার অন্যতম কারণ সন্ধ্যার শিশির। গত দুদিন ধরে সন্ধ্যা নামতেই ঠান্ডা অনুভূত হচ্ছে এবং শিশিরে আউটফিল্ড ভিজে যাচ্ছে। এরকম কন্ডিশনে সন্ধ্যায় বল গ্রিপ করতে সমস্যা হয় বোলারদের। যদিও এই বিশ্বকাপে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ ৪২৮ এবং অস্ট্রেলিয়া ৩৯৯ তুলেছিল। সাকিবের সিদ্ধান্ত কতটা ঠিক হলো তা সময়ই বলে দিবে।