ববি উপাচার্যের বিদায়ে খুশিতে শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের বিদায়ে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আজ সোমবার (৬ নভেম্বর) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচ তলায় মিষ্টি বিতরণ করা হয়। গতকাল রবিবার (৫ নভেম্বর) উপাচার্য ড. মো. ছাদেকুল আরফিনের শেষ কর্মদিবস ছিল।

২০১৯ সালের ৪ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এই শিক্ষক।

জানা যায়, গত চার বছরে বরিশাল বিশ্ববিদ্যালয় আবাসন সংকট, ক্লাসরুম সংকট, সেশনজটসহ নানা সমস্যায় জর্জরিত ছিল। এসব সমস্যা তীব্র আকার ধারণ করলেও বিদায়ী উপাচার্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি।

শিক্ষার্থীরা জানান, মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত হয়ে আজকে মিষ্টি বিতরন কর্মসূচি পালন করেছে। এর আগে গতকাল রবিবার মধ্যরাতে চার বছর মেয়াদ শেষে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ড. মো. ছাদেকুল আরেফিন।

মিষ্টি বিতরণকালে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন বলেন, বিদায়ী ভিসি স্যারের কাছে কেউ কোনো দাবি নিয়ে গেলে তিনি সেগুলোর সমাধানে কোনো উদ্যোগ নিতেন না। উল্টো তার কাছে যাবার অপরাধে আমাদের উপর সন্ত্রাসী হামলা করানো হতো। আমি নিজে এ ধরনের ঘটনার ভুক্তভোগী।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, নানা সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয় এই উপাচার্য স্যারের আমলে উন্নতির চেয়ে অবনতিতে এগিয়ে গেছে। গত চার বছরে বিদায়ী ভিসি স্যার বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত কোন উন্নয়ন করতে পারেননি। তার প্রস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের প্রোগ্রাম করেছে।