পদোন্নতির দাবিতে একাডেমিক শাটডাউনের ঘোষণা ববির শিক্ষকদের

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) কর্মবিরতি এবং আগামী পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। 

সোমবার ( ২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০২ জন শিক্ষক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষক সংকট নিরসন ও শিক্ষকদের পদোন্নতির সংকটসমূহ নিরসন না হওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সকল একাডেমিক কার্যক্রম থেকে আগামীকাল  কর্মবিরতি পালন এবং কোনো সুরাহা না হলে তার পরের দিন থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে,  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫টি বিভাগের একটি ব্যতীত প্রত্যেকটিতে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির অন্তত ৫টি ব্যাচের পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। অথচ এমন অনেক বিভাগ রয়েছে যেখানে মাত্র তিন-চারজন শিক্ষক কর্মরত রয়েছেন। ৫টি ব্যাচের পাঠদান কার্যক্রম তিনজন শিক্ষকের মাধ্যমে চালিয়ে যাওয়া কতটা দুরূহ তা সহজেই অনুমেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপকের অন্যূন ৫১টি ছাড়কৃত শূন্যপদ রয়েছে যেগুলো গত দুইবছর ধরে নিয়োগবিহীন অবস্থায় পড়ে আছে।

এর আগে, রবিবার পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অনশনে বসেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জামাল উদ্দীন। পরে সহকর্মীদের আশ্বাসে ২৩ ঘন্টা পর অনশন ভাঙেন অনশনরত শিক্ষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত