দক্ষিণে পালিয়ে যেতে ‘গাজা করিডোর’ খুলবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য একটি করিডোর খোলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক আক্রমণের মধ্যে ফিলিস্তিনিরা যাতে দক্ষিণে পালিয়ে যেতে পারে সেজন্য এই করিডোর খোলা হবে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি-ভাষার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদুলু এজেন্সির।

মুখপাত্র বলেন, বেসামরিক নাগরিকদের স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ২টার মধ্যে সালাহউদ্দিন হাইওয়ে পেরিয়ে যেতে অনুমতি দেওয়া হবে। গাজার উত্তর অংশে ইসরায়েলি বাহিনী অভিযান প্রসারিত করায় সেখানকার ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে এই সতর্কতা দেওয়া হলো।

যদিও হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনিদের ইসরায়েল-ঘোষিত করিডোর ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে। এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল-ঘোষিত করিডোরকে ‘মৃত্যু করিডোর’ হিসেবে অভিহিত করেছেন।

গত ০৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটি গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এরপর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ২৫ হাজার ৪০৬ জন। নিহতদের মধ্যে চার হাজার ১০৪ জন শিশু, দুই হাজার ৬৪১ জন নারী।