ইয়াবাসহ বরখাস্ত কনস্টেবল গ্রেপ্তার

বরিশালে ইয়াবা পাচারকালে আসাদুজ্জামান আসাদ নামে বরখাস্ত হওয়া এক পুলিশ কনস্টেবলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা ১০টি প্যাকেট থেকে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক বাদী হয়ে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তার আসাদুজ্জামান আসাদ বরিশাল জেলা পুলিশের সদস্য। সে পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। গ্রেপ্তার অন্য ব্যক্তি মাসুম (৪০) ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক বলেন, ‘কক্সবাজার থেকে ঢাকা হয়ে ঝালকাঠির উদ্দেশে ইয়াবার চালানটি নিয়ে আসছিল তারা। করোনাকাল থেকে তারা মাদক ব্যবসা করছে। মাসুম পেশাদার মাদক কারবারি। আসাদুজ্জামান এক বছর আগে তার খালাতো ভাইয়ের সঙ্গে মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। ওই ঘটনায় পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয় সে।’