গাইবান্ধায় অপহরণের ৩৪ দিন পর ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার (ওসি) মো. রাকিব হোসেন। তিনি মুঠোফোনে বলেন, ওই ছাত্রীকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলা সুত্রে জানা গেছে, গত ২ অক্টোবর নিজ বাড়ি থেকে পাশের একটি বাজারে যায় ওই স্কুলছাত্রী। এসময় কয়েকজন যুবক তার পথ রোধ করে। পরে ওই স্কুলছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে গতকাল রবিবার সাঘাটা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবকরা হলেন- একই উপজেলার খামার ধনারুহা গ্রামের নাহিদ হাসান লিমন, সোহাগ মিয়া ও বিপ্লব মিয়া।