শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ল চেলসি। সমতা টেনে শেষ করল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ৯ জনে পরিণত হওয়া টটেনহ্যাম হটস্পারকে চেপে ধরল তারা। এতে শেষ দিকে হ্যাটট্রিক করলেন নিকোলাস জ্যাকসন। টটেনহ্যামকে উড়িয়ে দুই ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল চেলসি।
প্রতিপক্ষের মাঠে গতকাল ৪-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে এখন পয়েন্ট টেবিলে ১০ নম্বরে স্টামফোর্ড ব্রিজের দলটি।
ম্যাচের ৬ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নেন দেজান কুলুসেভস্কি। অনেকটা সময় ব্যবধান ধরে রাখা দলটি ৩৩ মিনিটে খায় বড় এক ধাক্কা। ডি-বক্সে প্রতিপক্ষের একজনকে মারাত্মকভাবে ট্যাকেল করেন ক্রিস্টিয়ান রোমেরো। ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি ও পেনাল্টির সিদ্ধান্ত দেন। সফল স্পট কিকে চেলসিকে সমতায় ফেরান কোল পালমার।
একজন কম নিয়ে প্রথমার্ধের বাকিটা কাটিয়ে দেয় টটেনহ্যাম। কিন্তু দ্বিতীয়ার্ধের দশম মিনিটে তারা খায় আরেকটি বড় ধাক্কা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়ে ডেসটিনি উডোগিকে। ৯ জনের দলে পরিণত হয়ে টটেনহ্যাম।
এই সুযোগটিই কাজে লাগান জ্যাকসন ও চেলসি। ৭৫ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর যোগ করা সময়ের চতুর্থ ও সপ্তম মিনিটে গোল করে পূরণ করেন হ্যাটট্রিক।