চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়াকে হারাতে চান সাকিব

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দলের একের পর এক বাজে পারফরম্যান্স ও হারে সেই আশা ভেঙে গেছে অনেক আগেই। এই টুর্নামেন্ট অবশ্য এখনও গুরুত্বপূর্ণ সাকিব-লিটনদের জন্য। বৈশ্বিক আসর থেকেই যে নিশ্চিত হবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকেট।

আগামী ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেরা আটের মধ্যে থাকতে হবে। গতকাল শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের অবস্থান সপ্তম।

বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়া সঙ্গে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে এই লড়াইয়ে জয়ের বিকল্প নেই এশিয়ার দলটির। তা না হলে, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।

সাকিব আল হাসান খুব ভালো করেই জানেন পরিস্থিতি। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ সেরা হওয়া  বাংলাদেশ অধিনায়ক বললেন, এবার অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য তাদের,‘এই জয় পরের ম্যাচের জন্য ড্রেসিং রুমে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। অস্ট্রেলিয়া খুবই ভালো দল এবং তারা দারুণ ক্রিকেট খেলছে। দলের ওপর বিশ্বাস রয়েছে। পরের ম্যাচ জিততেই হবে, যেটা চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের জায়গা নিশ্চিত করবে।’

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়া বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ।