গাছ কেটে ভবন নির্মাণের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

গাছ কেটে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভবন নির্মাণের প্রতিবাদ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নির্মাণের জন্য গত ২০ থেকে ২৮ অক্টোবরের মধ্যে অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন ওই ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক (একাংশ) ও শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, এখানে ৬০-৭০ টির বেশি গাছ কাটা হয়েছে। প্রশাসন তোপের মুখে পড়বে বলে পূজার ছুটিতে লুকোচুরি করে গাছ কেটেছে। এই স্বেচ্ছাচারিতা চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।’

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা কখনো চাই না বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণ করা হোক। অপরিকল্পিত নগরায়ণের ফলে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই অপরিকল্পিত নগরায়ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে এখানে পড়াশোনার পরিবেশ থাকবে না। তাই আমরা চাই শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যানের মাধ্যমে ভবন নির্মাণ হোক।’